চলমান অর্থনৈতিক শ্লথ গতি থেকে উত্তরণের লক্ষ্যে নিয়মকানুন কিছুটা শিথিল করার দাবি উঠলেও, এর সুযোগ নিয়ে যাতে নতুন করে কোনো লুটপাট বা অনিয়ম না হয়, তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি স্পষ্ট করেছেন যে, সৎ ও প্রকৃত উদ্যোক্তাদের চিহ্নিত করে সহায়তা প্রদানের ক্ষেত্রে পর্যাপ্ত সুরক্ষাকবচ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বুধবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিআইবিএম-এর নিজস্ব অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বর্তমানে অর্থনীতির শ্লথ গতি এবং ব্যাংক ও শিল্প খাতের তারল্য সংকট থেকে উত্তরণের জন্য অনেকেই নিয়মকানুন শিথিল করার পক্ষে মত দিচ্ছেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, অতীতে ব্যাংক খাতে বিধিবিধান অতিরিক্ত শিথিল করার কারণেই বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। যদিও অসাধারণ পরিস্থিতিতে অসাধারণ পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়, তবুও সংকট উত্তরণে নিয়মকানুন শিথিল করার সময় তা যেন নতুন করে লুটপাট ও অনিয়মের সুযোগ তৈরি না করে, সে বিষয়ে নীতিনির্ধারকদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, নির্দিষ্ট নিয়ন্ত্রণ নীতিমালা ছাড়াই অতীতে বেসরকারি খাতে ব্যাংকের অনুমোদন দেওয়ার ফলে যে ভুল পথে যাত্রা হয়েছিল, তা বর্তমান নীতিনির্ধারকদের মনে রাখতে হবে। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে উদারীকরণ এবং বেসরকারি খাতে ব্যাংক প্রতিষ্ঠার সময় থেকেই বাংলাদেশ নানা বিতর্ক ও অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। অতীতে কী কী ভুল করা হয়েছিল এবং সেসবের পরিণতি কী হয়েছিল, তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।





