খুলনার বটিয়াঘাটায় পৃথক দুটি গুলির ঘটনার জের ধরে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। গত বুধবার তাকে প্রত্যাহার করে তার স্থলাভিষিক্ত করা হয় পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমানকে। পদায়নের পর মিজানুর রহমান বুধবারই বটিয়াঘাটা থানায় নতুন দায়িত্ব গ্রহণ করেন। প্রত্যাহার হওয়া ওসি মারুফ হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসীদের লালনপালন ও ভূমিদস্যুদের পৃষ্ঠপোষকতার নানা অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা নগরী ও উপজেলায় পৃথক তিনটি স্থানে যুবদল ও ছাত্রদলের দুই সাবেক নেতা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মীকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসবের মধ্যে বটিয়াঘাটা উপজেলা এলাকাতেই দুটি গুলির ঘটনা ঘটে। গুলিবর্ষণের এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় কোনো মামলাও দায়ের করা হয়নি।
উল্লেখ্য, প্রত্যাহার হওয়া ওসি মারুফ হোসেন চলতি বছরের গত ৫ই জুন বটিয়াঘাটা থানায় যোগ দিয়েছিলেন। এই রদবদলের বিষয়ে খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুখ জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই বটিয়াঘাটা থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। প্রাথমিক তদন্তের তথ্য জানিয়ে পুলিশ সুপার আরও বলেন, মাদক ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। ইতোমধ্যে অপরাধীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।





