লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটি ব্যবসার জের ধরে খোরশেদ আলম (৫০) নামের এক ব্যক্তি নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে দুই অভিযুক্তকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের বক্স আলী ভূঁইয়া বাড়ির মৃত সৈয়দ আহম্মদ ভূঁইয়ার ছেলে ইব্রাহিম ছুট্টু এবং বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে মাসুদ রানা। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ালিদ নামের একজনের নেতৃত্বে মান্না, ইব্রাহীম ছোট্টু, কামরুল, বাচ্চু, হিরু ও জহিরসহ আরও ৫-৬ জন সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি গুলি চালায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছুট্টু ও মাসুদকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিহত খোরশেদ আলম দিলশাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে এবং তিনি পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধেও হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার অভিযোগ করেন, দুপুরে মোরশেদ ও মজিদ নামে দুজন লোক এসে খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ পেয়ে তারা ছুটে গিয়ে দেখেন খোরশেদকে গুলি করা হয়েছে। পরিবারের সদস্যরা আরও জানান, মাটি ব্যবসা কেন্দ্র করে এর আগেও ওয়ালিদ নামের এক ব্যক্তি খোরশেদকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছিল।





