মার্কিন হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্য সংকট সমাধান সম্ভব বললেন পেজেশকিয়ান

Published: October 28, 2026, 5:52 am

মধ্যপ্রাচ্যের উদ্ভূত সংকট সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের ওপর আর নির্ভর করার প্রয়োজন নেই বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার মস্কোয় গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে ইরান বাণিজ্য বৃদ্ধি ও বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে।

বৈঠকে আঞ্চলিক ভূরাজনীতির কথা তুলে ধরে পেজেশকিয়ান বলেন, “আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করেই আমরা আমাদের অঞ্চলের সমস্যাগুলো সমাধান করতে সক্ষম।” তিনি জানান, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের একতরফা কর্মকাণ্ড প্রকৃতপক্ষে ইরান, রাশিয়া এবং মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যান্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি করছে এবং বহুপক্ষীয় সম্পর্ক প্রসারের পথ সহজ করে দিচ্ছে। এছাড়া বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, নিরাপত্তা ও সামরিক খাতেও উভয় দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোরালো সদিচ্ছা রয়েছে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি উল্লেখ করেন, ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতি স্বাভাবিকভাবেই গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই সংকট দ্রুত ইতিবাচক দিকে মোড় নেবে এবং পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সূচনা হয়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক আলোচনা কয়েক মাস ধরে স্থবির হয়ে পড়ায় মস্কো মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে। যুদ্ধ শুরু হওয়ার পর গত সপ্তাহে প্রথমবারের মতো ইরান সফর করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ওই সফরের সময় তিনি জানান, মধ্যপ্রাচ্যে যাতে আবার বড় ধরনের কোনো যুদ্ধ ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করাই রাশিয়ার সার্বিক প্রচেষ্টার মূল লক্ষ্য।

রাশিয়া ও ইরানের এই কূটনৈতিক ঘনিষ্ঠতার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্তব্য করেছেন যে, এই দুই দেশ অতীতে আর কখনোই এত নিবিড়ভাবে একসঙ্গে কাজ করেনি। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের আলোচনা স্থগিত থাকার পাশাপাশি ইরানের ওপর পুনরায় হামলার হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমন এক পরিস্থিতিতে মস্কোর সঙ্গে তেহরানের ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই আঞ্চলিক সংকট সমাধানের বিষয়ে পেজেশকিয়ানের অবস্থান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন তাৎপর্য তৈরি করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy