পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল, নতুন দায়িত্ব পেলেন সাত কর্মকর্তা

Published: November 3, 2026, 1:34 pm

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন দায়িত্ব অনুযায়ী, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি পদে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

একই প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি এবং শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থার অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রদান করা হয়েছে এবং তাকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে জিএমপির কমিশনার (ডিআইজি) পদে এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin