যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোট দিলেন প্রায় ৬ কোটি মানুষ

Published: November 3, 2026, 12:55 pm

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় ভারমন্ট রাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার ভোর পাঁচটা থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে দেশটিতে অঙ্গরাজ্যভেদে ভোটগ্রহণ শুরুর ও শেষ হওয়ার সময় আলাদা হওয়ায় সারা দেশে একযোগে ভোটগ্রহণ শেষ হবে না।

এবারের নির্বাচনে আগাম ভোটের হার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরুর আগেই অন্তত ৫ কোটি ৮৭ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিট) পর্যন্ত মোট ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৬২টি ভোট জমা পড়েছে। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাবের তথ্য অনুযায়ী, আগাম ভোটদাতাদের মধ্যে ৩ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫২১ জন সরাসরি কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন এবং ২ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার ৫৪১ জন ডাকযোগে ব্যালট পাঠিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আগাম ভোট দেওয়ার সুযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেন্টার ফর ইলেকশন ইনোভেশন অ্যান্ড রিসার্চের তথ্যমতে, দেশটির প্রায় ৯৭ শতাংশ ভোটার এমন এলাকায় বাস করেন যেখানে নির্বাচনের নির্ধারিত দিনের আগেই ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই প্রাথমিক ফলাফল আসা শুরু হবে। তবে অনেক অঙ্গরাজ্যের ক্ষেত্রে চূড়ান্ত ফলাফলের জন্য বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

এবারের মধ্যবর্তী নির্বাচনে ২৩ কোটির বেশি যোগ্য ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনে ভোটগ্রহণ চলছে। একই সঙ্গে ৩৬টি অঙ্গরাজ্যের ভোটাররা তাদের গভর্নর নির্বাচিত করার জন্য ভোট দিচ্ছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin