প্যাকেটজাত খাবার ও পানীয়তে থাকা অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বি সম্পর্কে ভোক্তাদের সচেতন করতে এবং এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়নের দাবিতে দেশব্যাপী দুই মাসব্যাপী প্রচারণা শুরু হয়েছে। রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে এই প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজকদের লক্ষ্য হলো প্যাকেটের সামনের অংশে সতর্কতামূলক লেবেল বা 'ফ্রন্ট অব প্যাকেজ লেবেলিং' (এফওপিএল) চালুর মাধ্যমে খাদ্যাভ্যাসজনিত রোগের ঝুঁকি কমানো এবং স্বাস্থ্যকর খাবার নির্বাচনে সহায়তা করা।
এই প্রচারণার অংশীদার হিসেবে রয়েছে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট, কোয়ালিশন ফর হেলদি ফুড এবং সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ)। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। তিনি জানান, জনস্বাস্থ্য রক্ষায় অস্বাস্থ্যকর মোড়কজাত খাদ্য ও পানীয় সম্পর্কে জনগণকে সচেতন করতে এবং এ সংক্রান্ত প্রবিধানমালা প্রণয়নে কর্তৃপক্ষ কাজ করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য অসংক্রামক রোগ দায়ী, যার মধ্যে হৃদ্রোগ ও টাইপ-২ ডায়াবেটিস অন্যতম। এছাড়া গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে ৩১ দশমিক ৮ শতাংশ অতিরিক্ত ওজনের এবং ১৩ দশমিক ৪ শতাংশ স্থূলতায় ভুগছেন। এই বাস্তবতায়, প্যাকেটের সামনের অংশে অষ্টভুজ আকৃতির সতর্কবার্তা পুষ্টি-সংক্রান্ত তথ্য স্পষ্টভাবে তুলে ধরবে, যা ভোক্তাদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বলে মনে করছেন আয়োজকরা।
আগামী দুই মাস টেলিভিশন, রেডিও, ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন ও মুদ্রিত সংবাদপত্র এবং গুগল বিজ্ঞাপনের মাধ্যমে এই প্রচারণা চালানো হবে। এর জন্য ভিডিও, অডিও বিজ্ঞাপন ও স্থিরচিত্রসহ বিভিন্ন জনসচেতনতামূলক উপকরণ ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক মোহাম্মদ শোয়েব এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের পরিচালক ইকবাল মাসুদ। এছাড়াও ডব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের এবং সিএলপিএর সেক্রেটারি সৈয়দ মাহবুবুল আলম বক্তব্য রাখেন।





