রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর আলম (২৮) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। রোববার সকালে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আলম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পাইপাড়া এলাকার সুতাইল গ্রামের সাকাউল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই বিপরীতমুখী মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী নুর আলম।
দুর্ঘটনার বিষয়ে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত চালকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের কাজ চলছে।





