গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, আহত ২

Published: October 24, 2026, 2:36 pm

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল চলাকালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে একদল মিছিলকারী পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফুলমিয়াসহ পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের একটি গাড়িও ভাঙচুর করেন।

ওসি আরও জানান, হামলার ঘটনার পর মিছিলকারীরা পুলিশ সদস্যদের ধাওয়া দিলে পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। আহত পুলিশ সদস্যদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে হামলাকারী ও ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin