বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না সংশয় প্রকাশ নাহিদ ইসলামের

Published: October 24, 2026, 4:18 pm

বর্তমান জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, তা নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পর গঠিত এই নতুন জাতীয় সংসদের মূল্য আর দুই আনাও নেই। এই সংসদের স্থায়িত্ব নিয়ে সন্দেহের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, এখানে বিরোধী দলের বা জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন নেই।

তিনি সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদে নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকার তীব্র বিরোধিতা করেন। এ সময় তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের প্রশাসকদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়া গণতন্ত্রের পরিপন্থী। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের মেয়র পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা সংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

আইনশৃঙ্খলার অবনতি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানিমন্ত্রীকেও পদত্যাগের আহ্বান জানান তিনি। এছাড়া সংবিধান সংস্কার কমিটির নামে চলমান প্রক্রিয়াকে প্রহসন আখ্যা দিয়ে তা বন্ধের দাবি জানান তিনি।

আগামী ৩০ অক্টোবর শাহবাগে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে গণবিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে যাত্রাবাড়ী ও উত্তরায় প্রচারপত্র বিতরণ করা হয়। যাত্রাবাড়ীর কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, দলের রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব এস এম শাহরিয়া। উত্তরায় প্রচারপত্র বিতরণের সময় জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সারোয়ার তুষার উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo