চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি ভবনে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের সমস্ত আসবাবপত্র পুড়ে গেলেও ব্যাংকের নগদ টাকার কোনো ক্ষতি হয়নি এবং কেউ হতাহতও হয়নি।
গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল ম্যানেজার তাপস আচার্য জানান, রাত আনুমানিক সোয়া তিনটার দিকে ব্যাংকের নাইট গার্ড বিষয়টি শাখা ব্যবস্থাপককে অবহিত করেন। তার ভাষ্যমতে, কে বা কারা জানালা দিয়ে ঢিল ছোড়ার মতো কিছু একটা নিক্ষেপ করেছিল, যার ফলে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
চাঁদপুর ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক প্রচেষ্টায় ভোর ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ভোর ৪টা ১০ মিনিটে তা সম্পূর্ণভাবে নির্বাপিত হয়। সময়মতো উপস্থিতির কারণে ব্যাংকের অন্যান্য সম্পদ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে ব্যাংকের আনুমানিক কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ব্যাংকের দুজন কর্মকর্তা-কর্মচারী।
শনিবার দুপুরে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার চাঁদপুর সদর মডেল থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ। ওসি ফয়েজ আহমেদ জানিয়েছেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





