মধুখালীতে ডোবার পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

Published: October 25, 2026, 4:51 pm

ফরিদপুরের মধুখালী উপজেলায় খেলার সময় বাড়ির পাশে খাদের পানিতে ডুবে মো. আবু সুফিয়ান নামের চার বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামে হৃদয়বিদারক এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবু সুফিয়ান ওই গ্রামের মো. সুজন মিয়ার ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আবু সুফিয়ান বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। ওই সময় তার মা আসরের নামাজ আদায় করতে ঘরে যান। নামাজ শেষে আঙিনায় ছেলেকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন তিনি। তাতে সাড়াশব্দ না পাওয়ায় তিনি আশপাশের বাড়িগুলোতে খোঁজ নিতে থাকেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির সঙ্গে খেলায় থাকা প্রতিবেশীর চার বছর বয়সী আরেক শিশু জানায় যে, আবু সুফিয়ান পানিতে পড়ে গেছে। এ কথা শুনেই মা দ্রুত বাড়ির পাশের একটি পানির গর্তের কাছে ছুটে যান এবং সেখানে ছেলেকে ভাসতে দেখেন। পরে শিশুটির চাচা সুমন মিয়া সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন মিয়া জানান, বাড়ির পাশে খেলা করার সময় ডোবার পানিতে পড়ে গিয়েই শিশুটির মৃত্যু হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin