ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেওয়া ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিত প্রার্থীদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে শাহবাগ থানা-পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাদের আটক করা হয়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও গেজেটে নাম না আসায় বৃহস্পতিবার বিকেল থেকে রাজু ভাস্কর্যের সামনে অনশন কর্মসূচি শুরু করেন প্রার্থীরা। সেই অনশনে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরবর্তীতে অনশনরতদের মধ্য থেকে চারজনকে আটক করে হেফাজতে নেয় পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন। তাঁদের মধ্যে বাকৃবির আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম, একই হল শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদপ্রার্থী মনিরুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আকরাম গাজী হৃদয় রয়েছেন। তবে আটক চতুর্থ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাধারণ শিক্ষার্থী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের সেখানে দেখা গেছে। ঢাবি ছাত্রদলের নেতা নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় সহযোগিতা করেন।
এ বিষয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানান, ঢাবির প্রক্টরিয়াল টিমের সহায়তায় তারা ঘটনাস্থলে যান। আটক চারজনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পদধারী নেতা হিসেবে নিশ্চিত হওয়ার পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





