শিক্ষার্থীরা পাঠ্যবিষয়ের কতটা আয়ত্ত করতে পারছে, তা নিয়মিত মূল্যায়নের মাধ্যমে পাঠদানের পদ্ধতিতে প্রয়োজনীয় সংস্কার আনার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি শিক্ষকদের এ পরামর্শ দেন।
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী লেখেন, শিক্ষকতা পেশার শুরু থেকেই নিজের কাজের মান নিয়ে প্রশ্ন করার মানসিকতা তৈরি করতে হবে। তিনি শিক্ষকদের পরামর্শ দিয়ে বলেন, একটি অধ্যায় পড়ানোর পর নিজেকে প্রশ্ন করুন—কতজন শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছে? যারা বুঝতে পারেনি, তাদের জন্য আমি আমার পড়ানোর ধরনে কী পরিবর্তন আনব? সেই অনুযায়ী নিজেকে সংশোধন করা জরুরি।
একই পদ্ধতিতে বারবার পাঠদান করে ভিন্ন ফল আশা করা যুক্তিযুক্ত নয় বলে মনে করেন মন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের কাজ, তাদের করা প্রশ্ন এবং তাদের ভুলগুলো থেকে তথ্য নিয়ে নিজের পাঠদান পদ্ধতিকে সমৃদ্ধ ও উন্নত করা একজন শিক্ষকের অন্যতম গুরুত্বপূর্ণ চর্চা হওয়া উচিত।





