চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হতে পারে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা জানান, আগে ১ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও খাতা মূল্যায়নের কাজ দ্রুত শেষ হওয়ায় আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কোনো বিশেষ পরিস্থিতি না সৃষ্টি হলে নির্ধারিত সময়েই ফলাফল প্রস্তুত হয়ে যাবে।
চূড়ান্ত তারিখ নির্ধারণে আগামী ২৩ ও ২৪ অক্টোবর সভায় আলোচনা করবে সমন্বয় কমিটি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ওই কর্মকর্তা জানান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে ফেরার পরই সুনির্দিষ্ট তারিখ নির্ধারণে আনুষ্ঠানিক আলোচনা হবে। বিশেষ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হওয়া উত্তরপত্র মূল্যায়নের অগ্রগতির ওপর ভিত্তি করেই ফল প্রকাশের তারিখ নির্ধারণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী অংশ নেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে যায়, যা পরবর্তীতে ৯ সেপ্টেম্বর শেষ করা হয়।
পরীক্ষার্থীরা ফল প্রকাশের পর অনলাইনে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট (educationboardresults.gov.bd) থেকে নিজেদের ফল ও নম্বরপত্র (মার্কশিট) জানতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করে ‘Result’ অপশনে গিয়ে পরীক্ষার নাম, বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই ফল পাওয়া যাবে। এ ছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এসএমএসের ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন ইংরেজি অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর এবং স্পেস দিয়ে পরীক্ষার বছর (যেমন: HSC DHA 123456 2026) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।





