ইতালির সৈকতে শত বছরের ঐতিহ্য, নারী-পুরুষের মাঝে ১০ ফুট দেয়াল

Published: September 18, 2026, 4:11 pm

ইতালির ত্রিয়েস্তে শহরের উপকূলে অবস্থিত ব্যতিক্রমী সমুদ্রসৈকত ‘লা ল্যানতার্না’, যা স্থানীয়দের কাছে ‘এল পেদোচিন’ নামে পরিচিত। এক শতকেরও বেশি সময় ধরে এই সৈকতে নারী ও পুরুষদের জন্য পৃথক অংশ বজায় রাখা হয়েছে। এই দুই অংশের সীমানা নির্ধারণের জন্য মাঝখানে দাঁড়িয়ে আছে প্রায় ১০ ফুট উঁচু একটি সাদা দেয়াল।

সৈকতটিতে প্রবেশ করতে হলে ১ দশমিক ২০ ইউরো ফি দিতে হয়। ভেতরে ঢোকার পর নারী ও পুরুষদের জন্য নির্ধারিত আলাদা অংশে যেতে হয়। নারীদের অংশে বিভিন্ন বয়সী নারী ও শিশুদের পাশাপাশি কর্মজীবী নারীদেরও দেখা যায়। অন্যদিকে, পুরুষদের অংশে সাধারণত আড্ডা, তাস খেলা ও বিশ্রামের পরিবেশ বজায় থাকে।

১৯০৩ সালের দিকে অস্ট্রো-হাঙ্গেরিয়ান শাসনামলে সৈকতটির এই বিশেষ ব্যবস্থার যাত্রা শুরু হয়েছিল। সেই সময় শালীনতা বজায় রাখার উদ্দেশ্যেই দেয়ালটি নির্মাণ করা হয়। পরবর্তীকালে ১৯৫৮ সালে নারীদের জন্য জায়গা বৃদ্ধির প্রয়োজনে দেয়ালটি পুনর্নির্মাণ করা হয়েছিল।

বাইরের পর্যটকদের কাছে এই ব্যবস্থা কিছুটা অদ্ভুত মনে হলেও স্থানীয়দের কাছে দেয়ালটি স্বাধীনতা এবং ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। স্থানীয় বাসিন্দাদের অনেকেরই অভিমত, ঐতিহ্যবাহী এই দেয়ালটি সরিয়ে ফেলা হলে সৈকতটির বিশেষত্বই বিলীন হয়ে যাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh