হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া

Published: September 18, 2026, 1:37 pm

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। গত ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এই পর্যালোচনার বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, এই চুক্তিগুলো পর্যালোচনার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে।

এই ঘটনার প্রতিক্রিয়ায় নয়াদিল্লি জানিয়েছে, তারা নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন। সংবাদ সংস্থা এএনআইয়ের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতীয় সংবাদমাধ্যমে ১০১টি চুক্তি পর্যালোচনার খবরটি তাদের নজরে এসেছে। তবে ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতকে এখনো কিছু জানানো হয়নি।

ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ নিয়েও কথা বলেন রণধীর জয়সওয়াল। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। চুক্তি নবায়নের বিষয়ে দুই দেশের আলোচনার বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি জানান, পানি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশন (জেআরসি) রয়েছে। এছাড়া পানি নিয়ে কারিগরি পর্যায়ের বৈঠকগুলোও নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin