গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি ও গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

Published: September 18, 2026, 4:18 pm

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় এক প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত বাড়িটিতে প্রবেশ করে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) এবং এনামুল (২২) প্রবাসীর বাড়িতে ঢুকে তার ছেলের কাছে পানি চায়। প্রবাসীর ১৪ বছর বয়সী ছেলে পানি নিয়ে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের দরজার কাছে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়।

ডাকাতরা ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা এবং গৃহবধূর গলার হার ও কানের দুলসহ প্রায় ৫ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণালংকার লুট করে। এরপর তারা গৃহবধূর ছেলেকে মারধরের ভয় দেখিয়ে তার সামনেই মাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ডাকাত দলের সদস্য রাজিব এই ঘটনার ভিডিও ধারণ করে। অপরাধীরা ভুক্তভোগীদের হুমকি দেয় যে, আগামী তিন দিনের মধ্যে আরও দুই লাখ টাকা না দিলে এবং ঘটনাটি কাউকে জানালে তারা ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেবে।

ডাকাতরা পালিয়ে যাওয়ার পর প্রতিবেশীরা ভুক্তভোগীদের চিৎকারে এগিয়ে আসে এবং গফরগাঁও থানায় খবর দেয়। পুলিশ শুক্রবার বিকেল ৩টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে চর কালিবাড়ি গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নির্জন স্থান থেকে রাজিবকে আটক করে। এ সময় পুলিশ পানি থেকে ধর্ষণের ভিডিও ধারণ করা মোবাইলটিও উদ্ধার করে। গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান সেখ জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin