পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। জুমার নামাজের সময় সংঘটিত এই বিস্ফোরণে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন।
ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স (ডিএইচকিউ) হাসপাতালের চিকিৎসক তাহির আলী শাহ জিও নিউজকে জানিয়েছেন, বিস্ফোরণের পর হাসপাতালে ১৫ জনের মরদেহ আনা হয়েছে এবং ৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, জুমার নামাজের সময় এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় মসজিদের বাইরের অংশে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বিস্ফোরণে মসজিদের বাইরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি দেয়ালও ধসে পড়েছে।
ঘটনার পরপরই পুলিশ লাইনস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ কোহাট-হাঙ্গু সড়কটি সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছে।
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪২





