ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির মনোনয়ন বোর্ডের বৈঠক

Published: September 18, 2026, 3:54 pm

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে বিএনপির স্থায়ী কমিটির (মনোনয়ন বোর্ড) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় স্থায়ী কমিটির সদস্য ও পার্লামেন্টারি বোর্ডের নেতারা অংশ নেন।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, এটি মূলত মনোনয়ন বোর্ডের বৈঠক ছিল। ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার কারণে আগামী ২৯শে অক্টোবর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। দল ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য মোট ৩ জন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। মনোনয়নপ্রত্যাশীরা হলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং ওবায়েদুল্লাহ মাসদু। দলীয় সূত্রে জানা গেছে, মির্জা ফয়সাল আমিনের হাতেই ধানের শীষ তুলে দেওয়া হতে পারে। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনের এমপি ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin