ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে এবং এই রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রতিটি নাগরিক ও পরিবারকে সপ্তাহে দুদিন অন্তত আধা ঘণ্টা করে সময় নিয়ে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের ঘরবাড়ির আনাচে-কানাচে, রাস্তাঘাট এবং জনসমাগমস্থলে জমে থাকা পানি ও আবর্জনায় ডেঙ্গু মশা বংশবিস্তার করে। এসব প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। তিনি আরও উল্লেখ করেন, ডেঙ্গুর টিকার কার্যকারিতা সীমিত হওয়ায় জমে থাকা পানি ও ময়লা পরিষ্কারের ওপরই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বহু পরিবারকে স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব। তিনি স্মরণ করিয়ে দেন যে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে অতীতে ১৯৭১ সালের স্বাধীনতা, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সফল করেছে। তিনি প্রশ্ন রাখেন, এসব বড় অর্জনের মতো দেশের অন্যান্য সমস্যা সমাধানে কেন সবাই মিলে অবদান রাখতে পারব না?
জনসচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে তিনি জানান, প্রায় আড়াই কোটি শিক্ষার্থী এবং বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টের মতো সংগঠনের প্রায় ৪০ লাখ সদস্য গত এক মাস ধরে প্রতি শনিবার দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সরকার ও জনগণের সম্মিলিত অংশগ্রহণের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি সরকার তখনই সফল হয় যখন তারা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে ডেঙ্গুর অভিশাপ থেকে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে।





