বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ

Published: October 14, 2026, 5:05 am

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, বিরোধী দল অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না। মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার সরকারি দল ও বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করতে চায়। এ লক্ষ্যে বিরোধী দলকে বারবার আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি আরও বলেন, ‘এটা জাতির প্রত্যাশা, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এটা আমাদের অঙ্গীকার।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। এখন সরকার সেই সনদ বাস্তবায়নে কাজ করছে। বিশেষ কমিটিতে বিরোধী দলকে প্রতিনিধি দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং তারা প্রতিনিধি দিলে আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। সংসদের অধিবেশনসহ কমিটির প্রতিটি বৈঠকে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা চাইলে লিখিত মতামতও দিতে পারবে বলে জানান তিনি। এছাড়া প্রতিবেদন তৈরির পর সংসদে সংশোধনী বিল উত্থাপন করা হলেও বিরোধী দল আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কমিটির সপ্তম বৈঠককে জ্ঞানসমৃদ্ধ হিসেবে বর্ণনা করে সালাহউদ্দিন আহমদ জানান, অংশগ্রহণকারীদের অনেকেই লিখিত বক্তব্য দিয়েছেন এবং অন্যরা আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের মতামত জানাবেন। বৈঠকে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে সংশোধনের বিধান নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোট-সংক্রান্ত বিধান বিলুপ্তির বিষয় এবং পরবর্তী সময়ে আদালতের রায়ের মাধ্যমে আসা পরিবর্তনগুলো আইনসভার মাধ্যমে কীভাবে বিবেচনা করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে সংবিধান সংশোধনের ক্ষেত্রে অতিরিক্ত কঠোরতা কিংবা অতিরিক্ত নমনীয়তা—কোনোটিই যেন তৈরি না হয়, সে বিষয়ে বিভিন্ন বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার গঠনপ্রক্রিয়া ও এর সম্ভাব্য বিকল্পগুলো নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে বলে তিনি জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh