রাষ্ট্রবিরোধী চক্রান্তের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা রিমান্ডে

Published: October 12, 2026, 1:18 pm

রাষ্ট্রবিরোধী চক্রান্ত এবং উসকানিমূলক কার্যক্রম চালানোর অভিযোগে দায়ের করা মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তাকে চার দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রিমান্ডের আদেশ পাওয়া দুজন হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (৪৩) এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ (৪৭)। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।

এর আগে রোববার রাতে রাজধানীর পল্লবী ও বনানী এলাকার ডিওএইচএস-এ পৃথক অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে সোমবার বিকেল ৫টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুই আসামিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে এজলাসে হাজির করা হয়। তদন্তের স্বার্থে আসামিদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের সাইবার ও বিশেষ অপরাধ বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) শেখ বশির আহমেদ।

আদালতে শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের সপক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল মুনসুর রিপন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত দুজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তার দেওয়া আবেদনসূত্রে জানা যায়, অভিযুক্তরা পল্লবী থানা এলাকার একটি বাসাকে কেন্দ্র করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও সহিংসতায় প্ররোচনা দেওয়ার মতো বিভিন্ন ডিজিটাল সামগ্রী তৈরি ও প্রচার করে আসছিলেন। এ ছাড়া তারা অনলাইন মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ পলাতক শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে আওয়ামী লীগের পুনরুত্থান ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। একই সাথে একটি ফেসবুক পেজ পরিচালনার মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টাও চালানো হচ্ছিল।

পুলিশের আবেদনে আরও উল্লেখ করা হয়, ২০১৮ সালে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে এই দুই কর্মকর্তা ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নামের একটি সংগঠন গড়ে তোলেন। পরবর্তী সময়ে ১০১ সদস্যবিশিষ্ট একটি কমিটিও অনুমোদন করা হয়। রিমান্ড আবেদনে এই চক্রটির সঙ্গে দেশি-বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার যোগাযোগের তথ্য পাওয়ার বিষয়টিও পুলিশ তুলে ধরেছে।

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৯: ১৫আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৯: ১৫

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh