মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২৬-এ হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি প্রতিযোগী ইহতেশামুল হক হিরাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ভারপ্রাপ্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান আহমেদ এবং যুগ্মসচিব আরিফুল ইসলাম। তারা বিশ্বজয়ী হাফেজকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় হিরার সঙ্গে তার শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকার মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মাসুম ফয়েজী উপস্থিত ছিলেন।
গত ৬ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীরা অংশ নেন। কয়েক ধাপের বাছাই শেষে ৩৮টি দেশের প্রতিনিধি চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে হিফজুল কোরআন বিভাগে বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেন হাফেজ ইহতেশামুল হক হিরা।
বিশ্বমঞ্চে প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হাফেজ হিরাকে ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, একটি দৃষ্টিনন্দন সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের একটি স্বর্ণের বার পুরস্কার হিসেবে প্রদান করা হয়।





