সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার নিরাপত্তায় কোনো হুমকি দেখা দিলে বাংলাদেশ চুপ করে বসে থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) প্রাঙ্গণে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, মক্কা ও মদিনা বিশ্ব মুসলিমের কাছে অত্যন্ত আবেগের জায়গা এবং ঐক্যের প্রতীক। ফলে বিষয়টি কেবল সাধারণ কূটনৈতিক হিসাব-নিকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে যেকোনো সংকটে সৌদি আরবের দিকে অবশ্যই সহায়তার হাত বাড়িয়ে দেবে বাংলাদেশ।
এর আগে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথপরিক্রমা’ শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শামা ওবায়েদ। সেখানে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ওপর ভিত্তি করে কূটনৈতিক পদক্ষেপের নানা দিক তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মক্কা চুক্তিতে যোগদান ও সেনা পাঠানোর গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে মক্কা জোটে যোগ দেয়নি। জোটে অন্তর্ভূক্ত হলে সৈন্য পাঠানোর প্রশ্ন আসবে, যা এই মুহূর্তে অবান্তর। তবে সৌদি ভূখণ্ডে ঘটে যাওয়া সাম্প্রতিক হামলায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে সৌদি ক্রাউন প্রিন্সকে চিঠি দিয়েছেন এবং বাংলাদেশ সৌদি সরকার ও দেশটির জনগণের পাশে রয়েছে।
সৌদির প্রধান তেল শোধনাগারগুলোতে হুতি বিদ্রোহীদের হামলার কারণে বৈশ্বিক সরবরাহ বিঘ্নিত হওয়ার বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ জানান, এই মুহূর্তে দেশের জ্বালানি খাতে কোনো আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়নি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় কাজ চলছে এবং জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে নিজেই সৌদি আরবে অবস্থান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক যোগাযোগ রক্ষা করছেন। তিনি মনে করেন, জ্বালানি মন্ত্রণালয়ের পূর্বপ্রস্তুতির কারণে সংকট হবে না; তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে তার প্রভাব বাংলাদেশসহ পুরো বিশ্বেই পড়বে।
গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান প্রতিমন্ত্রী। ওই ঘটনায় আহত ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের কয়েকজন আইসিইউতে রয়েছেন বলে জানান তিনি। সাধারণ মানুষের জীবনহানি ও পরিবার ধ্বংসের এই পরিস্থিতি দ্রুত নিরসন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শামা ওবায়েদ।





