উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা

Published: October 12, 2026, 7:11 am

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনাটি ঘটে। হামলার বিষয়ে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য জানান, প্রায় দেড়শ দুষ্কৃতিকারী চেয়ারম্যানের উত্তরা ৭ নম্বর সেক্টরের বাসভবনে এই হামলা চালায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা সেখান থেকে চলে যায়। বর্তমানে কারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করার জন্য কাজ চলছে বলে এই পুলিশ কর্মকর্তা উল্লেখ করেন।

এর আগে 'স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ' ব্যানারে একদল বিক্ষোভকারী জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে তার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। জুলাই অভ্যুত্থানে শহিদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তারা এই কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা তাদের মিছিলে কারাগারে বন্দি জি এম কাদেরের প্রতিকৃতি প্রদর্শন করেন। সেখানে লেখা ছিল, 'জুলাইয়ের শহিদদের রক্তের সাথে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সাথে যোগাযোগ; জি এম কাদেরের গ্রেপ্তার চাই' এবং 'ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না'। আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানির বিনিময়ে অর্জিত পরিবর্তনের পরও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করে চলছে। তারা আরও অভিযোগ করেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি বিগত সরকারকে রাজনৈতিকভাবে বৈধতা দিয়েছিল এবং নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো দোসরকে রাজনৈতিক পুনর্বাসন পেতে দেওয়া হবে না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin