তালা ভেঙে প্রশাসনিক ভবনে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য

Published: October 12, 2026, 5:53 am

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিরাজমান অচলাবস্থার মধ্যেই প্রশাসনিক ভবনের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার সকাল পৌনে ৮টার দিকে তিনি প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপাচার্যের ১১ ও ১২ অক্টোবর ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেওয়ার কথা ছিল। এই সফরের জন্য তাকে ১০ অক্টোবর বিকেলে ঢাকায় যাওয়ার কথা জানানো হয়েছিল। তার অনুপস্থিতিতে ওই দুই দিনের জন্য যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান করা হয়। সফরসূচি অনুযায়ী উপাচার্য ঢাকায় অবস্থান করছেন বলে ধারণা করা হলেও, সোমবার সকালে তিনি আকস্মিকভাবে চুয়েট ক্যাম্পাসে উপস্থিত হন। এ সময় ছাত্রদলপন্থী বর্তমান ও সাবেক আট থেকে দশজন শিক্ষার্থী তার সঙ্গে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন এবং পরবর্তীতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।

উল্লেখ্য যে, গত ২১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে অপসারণ করা হয়। একই দিনে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এরপর ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন, যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy