ঘরেই সহজে তৈরি করুন স্বাদবদলানো আচারি পালংশাক

Published: October 12, 2026, 3:42 am

সাধারণত নির্দিষ্ট ঋতুতে পালংশাকের চাষ হলেও আজকাল সারা বছরই বাজারে এই শাক কমবেশি পাওয়া যায়। প্রচলিত স্বাদের বাইরে পালংশাকে নতুনত্ব ও বৈচিত্র্য আনতে ঘরেই ঝটপট তৈরি করে নেওয়া যায় সুগন্ধি আচারি পালংশাক। রসুন, সরিষার তেল, পাঁচফোড়ন আর বিশেষ মসলার মেলবন্ধনে তৈরি এই পদটি যেকোনো খাবারের পাতে আলাদা স্বাদ যুক্ত করে।

আচারি পালংশাক তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণের মধ্যে রয়েছে ২৫০ গ্রাম পালংশাক, ২ টেবিল চামচ খোসা ছাড়িয়ে কুচি করা রসুন, ১ চা-চামচ হলুদ গুঁড়া, ১ চা-চামচ মরিচগুঁড়া, ১ চা-চামচ আচারের মসলা, ১ চা-চামচ গরমমসলা, ১ চা-চামচ পাঁচফোড়ন, ২টি শুকনা মরিচ, ২ টেবিল চামচ ভিনেগার, ২ টেবিল চামচ সরিষার তেল এবং পরিমাণমতো লবণ।

প্রস্তুত প্রণালির শুরুতে পালংশাক খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে কেটে নিতে হবে। এরপর একটি প্যানে সরিষার তেল গরম করে তাতে পাঁচফোড়ন ও শুকনা মরিচ দিয়ে নিতে হবে। তেলের মধ্যে কুচি করা রসুন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এবার রসুনের সঙ্গে পরিমাণমতো লবণ, হলুদ গুঁড়া ও মরিচগুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে কেটে রাখা পালংশাক দিয়ে রান্না করতে হবে।

শাক সেদ্ধ হয়ে নরম হয়ে এলে গরমমসলা ও আচারের মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আচারের মসলা দেওয়ার পর শাক আর বেশি সময় ভাজার দরকার নেই। চুলা থেকে নামিয়ে মিশ্রণটি কিছুটা ঠান্ডা হতে দিতে হবে। মিশ্রণটি হালকা ঠান্ডা হলে এতে এক টেবিল চামচ ভিনেগার এবং এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আচারি পালংশাক।

তৈরি হওয়া এই আচারি পালংশাক গরম গরম রুটি, পরোটা, পুরি কিংবা তন্দুরি রুটির সঙ্গে পরিবেশন করা যায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin