মোজাম্বিক থেকে ফেরার পথে মাঝ আকাশে প্রবাসীর মৃত্যু

Published: October 10, 2026, 5:18 pm

মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে মাঝ আকাশে মোহাম্মদ জসিম উদ্দিন (৩৩) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার মোজাম্বিকের মাপুতো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। বিমান আকাশে ওড়ার প্রায় দুই ঘণ্টা পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।

মৃত জসিম উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ছড়ারকুল এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ছৈয়দ মিয়ার ছেলে। তিনি দীর্ঘ প্রায় ১২ বছর ধরে মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশে বসবাস করছিলেন এবং গত বছরও একবার দেশে ফিরেছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোজাম্বিক প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি এম আর মুজিব।

জানা গেছে, জসিম উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হলে বিমানটি কাতার বিমানবন্দরে অবতরণ করে। এরপর তাঁকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে জরুরি চিকিৎসা দলের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ কাতার থেকে দেশে আনার প্রক্রিয়া চলছে।

জসিম উদ্দিনের বড় ভাই মো. ইউনুছ জানান, শুক্রবার রাতে তাঁরা ভাইয়ের মৃত্যুর সংবাদ পান। পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। জসিম উদ্দিনের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ভাইয়ের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo