মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতালে সম্প্রতি দুই সপ্তাহব্যাপী বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্পের কার্যক্রম শেষ হয়েছে। নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা স্টিচিং ইন্টারপ্লাস্টের সহযোগিতায় যমুনা ব্যাংক ফাউন্ডেশন এই বিশেষায়িত চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। গত ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া এই সার্জারি ক্যাম্পটি ৭ অক্টোবর পর্যন্ত পরিচালিত হয়।
যমুনা ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দুই সপ্তাহে মোট ৩২৬ জন ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীর মধ্যে ১৩৫ জনকে বিনামূল্যে অস্ত্রোপচারসহ বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সার্জারি ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ। এছাড়া যমুনা ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের টিম লিডার মেনো হুইকেশোভেন এবং তাঁর দলের চিকিৎসকেরা। এ সময় যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





