প্রেমের নামে বর্তমানে অনেক কিছুই ঘটছে, কিন্তু সত্যিকার অর্থে প্রেম কি হচ্ছে? সম্পর্কের চাওয়া-পাওয়ার সমীকরণের ভিড়ে দুজন মানুষ একে অপরের জন্য আশ্রয়, আস্থা কিংবা নিরাময়ের জায়গা হয়ে উঠতে পারছেন কি না—এমনই প্রশ্ন ও প্রেক্ষাপট নিয়ে মঞ্চে এসেছে হান্ট থিয়েটারের নতুন নাটক ‘তবুও প্রেম আসে’। গত বুধবার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নাটকটির গল্প ও নির্দেশনার দায়িত্বে ছিলেন ডায়না ম্যারেলিন, আর এর নাট্যরূপ দিয়েছেন শাফী বিন কবির। নির্দেশকের মতে, ‘তবুও প্রেম আসে’ নাটকে ভালোবাসাকে কেবল আবেগ বা লেনদেনের হিসাব হিসেবে দেখা হয়নি; বরং দুজন পরিণত মানুষের সম্পর্কে একে অপরের আরাম, আশ্রয় ও আস্থার ঠিকানা হয়ে ওঠার গল্পই এখানে প্রাধান্য পেয়েছে।
ডায়না ম্যারেলিন বলেন, ‘আমরা একটি প্রেমের গল্প বলতে চেয়েছিলাম। কিন্তু প্রেমের গল্প বলতে গিয়ে দেখি, প্রেমের নামে এখন সবই হচ্ছে, শুধু প্রেমই হচ্ছে না! দুজন পরিণত মানুষ একজন আরেকজনের আরাম হবে, বিশ্রামের জায়গা হবে, আস্থার ঠিকানা হবে। একজন আরেকজনকে নিরাময় করতে তার ক্ষতে প্রলেপ দেবে। এই সহজ সত্য দূরে সরিয়ে আমরা চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে ব্যস্ত হয়ে আছি।’
প্রেমকে জীবনের একটি স্বাভাবিক অনুষঙ্গ বা লাইফস্টাইল হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন নির্দেশক। তাঁর ভাষায়, ‘প্রেম তো আর আলাদা কিছু নয়, এটা একটা লাইফস্টাইল। নিত্যদিনের ব্যস্ততায় একটুকরা খোলা আকাশ, একটা বিশ্বস্ততার সিলমোহর। ক্ষণস্থায়ী হোক বা দীর্ঘস্থায়ী, মুখোমুখি প্রেম বা দূরত্বের সম্পর্ক, একসঙ্গে বুড়ো হওয়া কিংবা তীব্র ভালোবাসা—সম্পর্কে এটুকু সততা তো রাখাই যায়।’
এই প্রযোজনায় অভিনয় করেছেন সারাহ জেবীন, সুপ্তি দাস, ডায়না ম্যারেলিন, নিয়ন আহসান, সাইম বিন মুজিব ও জেরম প্রজ্ঞা। নাটকটির গানে কণ্ঠ দিয়েছেন সুমেল চৌধুরী, সাজ্জাদ কবির ও রেশমী চাকমা। এর আগে গত এপ্রিলে হান্ট থিয়েটার ‘ক্যাফে দ্য ভলতে’ নাটকটি মঞ্চে এনেছিল, যা নিজস্ব উপস্থাপনশৈলী ও অভিনয়ের কারণে ঢাকার মঞ্চপাড়ায় বেশ আলোচিত হয়েছিল। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার তারা সম্পর্ক ও ভালোবাসার নতুন গল্প নিয়ে এল।





