৩১ বছরের মধ্যে সর্বোচ্চ সুদের হার বাড়াল ব্যাংক অব জাপান

Published: September 18, 2026, 7:53 am

জাপানের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব জাপান (বিওজে), সুদের হার বৃদ্ধি করে গত ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং মজুরি বৃদ্ধির চাপ সামাল দিতে শুক্রবার কেন্দ্রীয় ব্যাংকটি মূল সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে। আল জাজিরার বরাতে জানা গেছে, গত জুনের পর এটিই প্রথম সুদের হার পরিবর্তনের ঘটনা। এই পদক্ষেপের মাধ্যমে জাপান দীর্ঘ কয়েক দশক ধরে বজায় রাখা তাদের অতি-নিম্ন সুদের হার নীতি থেকে পুরোপুরি সরে আসার ইঙ্গিত দিচ্ছে।

বর্তমানে দেশটি বাজার নিয়ন্ত্রণে বেশ হিমশিম খাচ্ছে। এর পেছনে জ্বালানির মূল্যবৃদ্ধি, বৈশ্বিক সরবরাহ সংকট এবং অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়া বড় কারণ হিসেবে কাজ করছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাড়তি খরচের বোঝা সাধারণ ভোক্তাদের ওপর চাপিয়ে দিচ্ছে। পাশাপাশি, জনসংখ্যা হ্রাসের কারণে জাপানে শ্রমিক সংকট প্রকট হওয়ায় মজুরি বাড়ছে, যা দেশটির অর্থনীতিতে এক ধরনের কাঠামোগত ও স্থায়ী চাপ তৈরি করেছে।

জাপানের এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির পদক্ষেপও একটি বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সুদের হারের ব্যবধান বেড়ে গেলে জাপানি মুদ্রা ইয়েন দুর্বল হয়ে পড়ে। এর ফলে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতি আরও তীব্র আকার ধারণ করে। গত সপ্তাহে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও তাদের সুদের হার আড়াই শতাংশে উন্নীত করেছে। এমতাবস্থায়, ব্যাংক অব জাপানের গভর্নর কাজুও উয়েদা ভবিষ্যতে সুদের হার আরও কতটা বাড়াতে পারেন, সেদিকেই এখন তীক্ষ্ণ নজর রাখছেন বাজার বিশ্লেষকরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin