বকশীগঞ্জে রাতে পাচারের সময় ২৩ বস্তা সার জব্দ

Published: September 18, 2026, 12:11 pm

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৫৬ (18 September 2026, 17:56)

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পাচারের সময় ২৩ বস্তা (১২৫০ কেজি) সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এই সার জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গভীর রাতে ভ্যানগাড়িতে করে সার পাচার করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে টুপকারচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ভ্যানগাড়ি থেকে ২৩ বস্তা সার জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত সার বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে বকশীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন জানান, জব্দ করা সারগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টগুলোতে সার কিনতে গিয়ে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। চাহিদা অনুযায়ী সার না পেয়ে অনেককেই খালি হাতে ফিরে যেতে হচ্ছে। কৃষকদের দাবি, সারের কৃত্রিম সংকট তৈরি করে কিছু ডিলার বেশি দামে বিক্রি করছেন এবং গোপনে বিভিন্ন এলাকায় সার সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

তবে সার বিতরণে অনিয়ম ঠেকাতে এবং কৃষকদের ভোগান্তি লাঘব করতে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সম্প্রতি একটি অনলাইনভিত্তিক অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে কৃষকদের সারের চাহিদা ও প্রাপ্যতা সংক্রান্ত সব তথ্য সংরক্ষণ করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, অ্যাপের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম শুরু হওয়ায় কৃষকেরা তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে সার পাবেন। এর ফলে সার বিতরণের ক্ষেত্রে যেকোনো ধরনের অনিয়ম বা কারচুপির সুযোগ অনেকটাই কমে আসবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh