শ্রীলঙ্কার কাছে আবারও হারল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল

Published: October 8, 2026, 11:36 am

অনূর্ধ্ব-১৯ নারী দলের ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের জয়-পরাজয়ের বৃত্ত ভাঙা যাচ্ছে না। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখেছিল ইয়াং টাইগ্রেসরা। এরপর তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় পেলেও চতুর্থ ম্যাচে এসে আবারও পরাজয়ের স্বাদ নিতে হলো বাংলাদেশকে। এভাবেই জয় ও হারের চক্রে ঘুরপাক খাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ফয়সালাবাদে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল নির্ধারিত ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে দুর্দান্ত খেলেন বাঁহাতি ওপেনার জান্নাত। একপ্রান্তে সতীর্থরা উইকেট হারালেও অন্যপ্রান্তে দ্রুত গতিতে রান তুলতে থাকেন তিনি। মাত্র ৩৫ বল খেলে তুলে নেন দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি। তবে অর্ধশতক পূর্ণ করার পর নিজের ইনিংসটিকে আর বেশি দূর টেনে নিতে পারেননি এই ওপেনার। জান্নাতের বিদায়ের পর দলের বাকি ব্যাটারদের কেউ হাল ধরতে না পারায় বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ।

১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে শুরুতেই লঙ্কান ওপেনার ভিমোকশা বালাসুরিয়ার উইকেট তুলে নিয়ে ভালো শুরুর আভাস দিয়েছিল বাংলাদেশ। তবে এরপরই দৃশ্যপটে আসেন সানজানা কাভিন্দি। তার ঝোড়ো ব্যাটিংয়ের সামনে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। অন্য প্রান্তে থাকা বাকি ব্যাটারদের কাছ থেকে তেমন কোনো বড় সহযোগিতা না পেলেও সানজানা একাই লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত ৫৫ বলে ৯০ রানের এক অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ দুইটি উইকেট শিকার করেন তীর্থী দাশ অপর্ণা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh