নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই ব্যাট হাতে রেকর্ডের বন্যা ভাসালেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আয়োজিত এই ম্যাচে দুর্দান্ত শতরান হাঁকিয়ে তিনি স্পর্শ করেছেন পাঁচ দশক আগের এক বিরল মাইলফলক। নাথান স্মিথের বলে আউট হওয়ার আগে রাহুলের ব্যাট থেকে আসে ১৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস।
শনিবার ৩৪ বছর বয়সে নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংস খেলতে নামেন রাহুল। প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে তিনি নাম লেখান দুই ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার ও সুরিন্দর অমরনাথের পাশে। ১৯৭৬ সালে নিউজিল্যান্ড সফরের অকল্যান্ড টেস্টে নিজেদের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন গাভাস্কার (১১৬) ও অমরনাথ (১২৪)। দীর্ঘ ৫০ বছর পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে সেই কীর্তির পুনরাবৃত্তি ঘটালেন রাহুল।
একই সঙ্গে টেস্ট ক্রিকেটে ‘সেনা’ দেশ নামে পরিচিত দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—এই চার কঠিন কন্ডিশনেই ওপেনার হিসেবে শতরান করার একক নজির গড়েছেন রাহুল। তিনি প্রথম ভারতীয় ওপেনার হিসেবে চার দেশেই সেঞ্চুরি করার এই অনন্য কৃতিত্ব অর্জন করলেন। সব মিলিয়ে বিশ্বের পঞ্চম ভারতীয় ও অষ্টম এশিয়ান ব্যাটার হিসেবে চারটি দেশে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে এই তালিকায় যুক্ত ছিলেন আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, ইউনিস খান, কুমার সাঙ্গাকারা ও বিরাট কোহলি। তবে তাদের মধ্যে কেবল রাহুল ও পাকিস্তানের সাঈদ আনোয়ারই খাঁটি ওপেনার হিসেবে চার দেশে সেঞ্চুরি হাঁকিয়েছেন।
এই ইনিংসের মাধ্যমে সাতটি ভিন্ন দেশে টেস্ট সেঞ্চুরির মালিক হলেন রাহুল। ভারতীয় ব্যাটারদের মধ্যে এই অর্জনে তিনি যুক্ত হলেন আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র শেবাগ ও কোহলির অভিজাত ক্লাবে। একই সঙ্গে নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় কোনো ব্যাটারের সর্বশেষ টেস্ট সেঞ্চুরিটি এসেছিল ২০১৪ সালে, যখন ওয়েলিংটনেই ১১৮ রান করেছিলেন অজিঙ্কা রাহানে।
ওপেনার হিসেবে টেস্ট ক্যারিয়ারে এটি রাহুলের ১২তম শতরান। এই তালিকায় মুরলী বিজয়ের সঙ্গে যৌথভাবে তিনি রয়েছেন তৃতীয় স্থানে, যার সামনে রয়েছেন কেবল সুনীল গাভাস্কার (৩৩) ও বীরেন্দ্র শেবাগ (২২)। এছাড়া ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও দারুণ ছন্দে আছেন রাহুল। এই চক্রে ২১ ইনিংসে ৪টি সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিলকে পেছনে ফেলে শীর্ষ রানসংগ্রাহকের জায়গা দখল করেছেন তিনি।





