শেবাগ ২.০ হতে চান না আর্যবীর, নিজের পরিচয় গড়ে তোলাই লক্ষ্য

Published: November 21, 2026, 8:38 am

উদ্ভিদবিজ্ঞানের ভাষায় ফজলি আমগাছ থেকে ফজলি আমই পাওয়া যায়, কিন্তু ক্রিকেটীয় জগতে বাবার পরিচয় সবসময় ছেলের ক্যারিয়ারের পথ নির্ধারণ করে না। যেমন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার বাবার মতো ব্যাটসম্যান না হয়ে হয়েছেন পেস বোলিং অলরাউন্ডার। আবার বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগ ক্রিকেটার হলেও বাবার ঘরানার হয়ে উঠতে পারেননি।

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ওপেনার বীরেন্দর শেবাগের ব্যাটিং-দর্শন ছিল বল পেটানোর উন্মাদনা। কিন্তু তাঁর ছেলে আর্যবীর ওপেনার হলেও বাবার দর্শনে বিশ্বাসী নন। নতুন বলে থিতু হতে সময় নেন এবং পায়ের কাজও বেশ ভালো। তিনি বলের লাইন-লেংথ ও উইকেটের আচরণ বুঝে তারপর শট খেলেন। ১৪ নভেম্বর ভারতের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ে আর্যবীর পাঁচ ম্যাচে ৯০.২৫ গড়ে ৩৬১ রান করে টুর্নামেন্ট সেরা হন। তার স্ট্রাইক রেট ছিল ৯৫.৫০ এবং একটি ১৬০ রানের ইনিংসের সঙ্গে তিনটি ফিফটিও ছিল তাঁর ঝুলিতে।

১৯ বছর বয়সী আর্যবীরকে ঘিরে স্বাভাবিকভাবেই প্রত্যাশার চাপ তৈরি হয়েছে। অনেকে তাকে 'বীরেন্দর শেবাগ ২.০' হিসেবে দেখার আশা করেন। তবে জিওস্টারের সঙ্গে আলাপচারিতায় আর্যবীর স্পষ্ট করেছেন, তিনি শেবাগ ২.০ হতে আসেননি, বরং নিজের পরিচয় গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

বাবার সঙ্গে তুলনা যে অনিবার্য, তা আর্যবীর আগেভাগেই মেনে নিয়েছেন। তিনি রোহান গাভাস্কারের ক্যারিয়ারের উদাহরণ থেকে শিক্ষা নিয়ে প্রত্যাশার চাপে পিষ্ট হতে চান না। তিনি বলেন, মানুষ যদি মিল খুঁজে পায় তবে সেটি তাদের নিজস্ব মতামত এবং বাবার প্রতি ভালোবাসা। কিন্তু নিজের ক্যারিয়ারে তিনি প্রথম আর্যবীর হিসেবেই পরিচিত হতে পছন্দ করবেন।

বাবার মতো মারকুটে ব্যাটসম্যান না হয়ে আর্যবীর পরিস্থিতি অনুযায়ী খেলতে পছন্দ করেন। এ বিষয়ে তাঁর আদর্শ বিরাট কোহলি। আর্যবীর বলেন, তিনি নিজেকে নির্দিষ্ট কোনো ধরনের স্ট্রোক প্লেয়ার হিসেবে চিহ্নিত করতে চান না। দলের প্রয়োজনে পরিস্থিতি বুঝে খেলতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo