যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ যৌথভাবে বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকা প্রকাশ করেছে। গত ৮ অক্টোবর প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন, যা গত বছরের তুলনায় ৬১ জন বেশি। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশে এই তালিকায় অন্তর্ভুক্ত গবেষকের সংখ্যা ২১ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
এই মর্যাদাপূর্ণ তালিকায় বাংলাদেশের গবেষকদের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম। পরিবেশ বিজ্ঞান উপ-ক্ষেত্রে গবেষণার জন্য তিনি এই স্বীকৃতি পেয়েছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে তার অবস্থান ১৩ হাজার ৪৫৯তম। বর্তমানে তিনি বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তালিকায় থাকা বাংলাদেশের অন্যান্য শীর্ষ গবেষকদের মধ্যে প্রথম স্থানে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মির্জা হাসানউজ্জামান, দ্বিতীয় স্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মুনতাসির মুর্শেদ, তৃতীয় স্থানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. মো. তরিকুল ইসলাম, চতুর্থ স্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ আশরাফুল আলম এবং পঞ্চম স্থানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এম. খালিদ হোসেন।
এই অর্জন নিয়ে ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম বলেন, “বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানী তালিকা ২০২৬-এ অন্তর্ভুক্ত হতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই মর্যাদাপূর্ণ তালিকায় ধারাবাহিকভাবে পঞ্চমবার (২০২২–২০২৬) স্থান পাওয়া আমার গবেষণা জীবনের এক অনন্য স্বীকৃতি।” তিনি এই অর্জন তার পরিবার, শিক্ষার্থী, সহকর্মী ও সকল সহ-গবেষকদের উৎসর্গ করেছেন এবং ভবিষ্যতে সমাজ ও বিজ্ঞানের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তালিকায় বাংলাদেশের ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ২৮৬ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে তালিকায় বাংলাদেশের গবেষকের সংখ্যা বেড়েছে ৬১ জন। শতকরা হিসাবে এ বৃদ্ধি ২১ দশমিক ৩ শতাংশ।





