গৌরীপুরের প্রায় শত বছরের ইতিহাসের সাক্ষী ঐতিহাসিক ‘ঝলমল সিনেমা হল’ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় পরে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রায় ২০ বছর ধরে এই হলে সিনেমা প্রদর্শন বন্ধ রয়েছে। এরপর থেকে ভবনটির বিভিন্ন অংশ গুদাম ও ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল। অগ্নিকাণ্ডে ঐতিহাসিক ভবনটির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারের গুদাম, ফার্নিচার কারখানা, লাইটিং ও ডেকোরেটরের মালামাল এবং সামনে থাকা ড্রাইভার শ্রমিক ইউনিয়নের কার্যালয় পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পৃথকভাবে লাখ থেকে কোটি টাকার ক্ষতির দাবি করেছেন।
তানভীর এলপিজি স্টোরের মালিক তানভীর আহমেদ জানান, তিনি তিন বছর ধরে সিনেমা হলের একটি অংশ ভাড়া নিয়ে গ্যাস সিলিন্ডারের গুদাম হিসেবে ব্যবহার করছিলেন। আগুন লাগার আগের রাতে সেখানে ২৫০টি গ্যাসভর্তি সিলিন্ডারের একটি নতুন চালান এসেছিল। আগুনে গুদামে রাখা সব সিলিন্ডার ও অন্যান্য মালামাল পুড়ে তার প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ফার্নিচার কারখানার মালিক তাজউদ্দীন ভূট্টো জানান, আগুনে তার কাঠ, নির্মাণাধীন আসবাবপত্র ও বিভিন্ন মেশিনারিজ পুড়ে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। লাইটিং ডেকোরেটর ব্যবসায়ী বকুল ইসলাম জানিয়েছেন, আগুনে তার বেশ কয়েকটি বৈদ্যুতিক জেনারেটরসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।
ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মজনু মিয়া জানান, সিনেমা হলের মূল ভবনের সামনে তাদের কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, এতে তাদের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে ফায়ার সার্ভিসের ধারণা গ্যাস সিলিন্ডারের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।





