স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান জানিয়েছেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শিশুদের জন্য কাজ করার অর্থ হলো দেশের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা, কারণ আজকের শিশুরাই আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।
বুধবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে ‘শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জনে অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে দেশের পূর্ণ নাগরিক হিসেবে দেশ গড়ার কঠিন দায়িত্ব পালন করবে। এই দায়িত্ব শুধু শিশুদের নয়, বরং প্রাপ্তবয়স্ক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে যাতে তারা সঠিকভাবে গড়ে উঠতে পারে। শিশুদের উদ্দেশে তিনি বলেন, তোমরা যদি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হও, তবে সেই দায়ভার আমাদের ওপরই বর্তাবে। দেশকে ভালোবাসলে এখন থেকেই সুনাগরিক হওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শিতার কথা স্মরণ করে মন্ত্রী বলেন, জাতিসংঘ বিশ্বজুড়ে শিশুদের অধিকার নিয়ে গুরুত্ব দেওয়ার ১৩ বছর আগেই ১৯৭৬ সালে জিয়াউর রহমান শিশুদের অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টির ওপর তিনি জোর দিয়েছিলেন।
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তিকে একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত শিশুরা ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী। তিনি শিশুদের উদ্দেশে আরও বলেন, সৃষ্টির চাকা কখনো থেমে থাকে না, আর তোমরা সেই চাকার অবিচ্ছেদ্য অংশ। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার জন্য শিশুদের প্রতি আহ্বান জানান ড. মঈন খান।





