১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর

Published: October 5, 2026, 12:46 pm

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের ১১টি নির্দিষ্ট খাতের ব্যবসায়ীদের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। এনবিআরের সদস্য (মূসক নীতি) আজিজুর রহমানের সই করা এক আদেশের মাধ্যমে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। সোমবার এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা খাতগুলোর মধ্যে রয়েছে সিগারেট, মোবাইল ফোন, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ শিল্প।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের এখন থেকে ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে বাধ্যতামূলকভাবে রিটার্ন জমা দিতে হবে।

আদেশ অনুযায়ী, কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান যদি উল্লিখিত পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি অন্য কোনো ব্যবসায়ও জড়িত থাকে, তবে তাদের ক্ষেত্রেও অনলাইনে রিটার্ন জমা দেওয়ার এই নিয়ম প্রযোজ্য হবে। এছাড়া অনলাইনে দাখিলপত্র পেশ সংক্রান্ত অতীতে এনবিআরের জারি করা আগের সব নির্দেশনা এই আদেশের মাধ্যমে বাতিল বলে গণ্য হবে। তবে রাজস্ব বোর্ড চাইলে যেকোনো সময় এই তালিকায় নতুন খাত যুক্ত করতে বা বিদ্যমান কোনো খাত বাদ দিতে পারবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin