ঢাকার ধামরাইয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকস সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে অটোরিকশার আরও একজন যাত্রী আহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন আখি (৩০), মো. জাকারিয়া (১২) এবং ৪০ বছর বয়সী অটোরিকশার অজ্ঞাতনামা চালক। তাদের পূর্ণাঙ্গ পরিচয় বা ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকস সংলগ্ন পাকা সড়কে পিকআপ ভ্যানটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটিকে শনাক্ত করার জন্য পুলিশি তৎপরতা চলছে।





