বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা

Published: September 17, 2026, 2:54 pm

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৫। আগামী শনিবার বিকালের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, লঘুচাপটি সৃষ্টির পর সেটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপে রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। সাগরে সিস্টেমটি তৈরি হওয়ার পর এর গতিপথ ও শক্তি পর্যবেক্ষণ করেই এ বিষয়ে চূড়ান্ত পূর্বাভাস দেওয়া সম্ভব হবে।

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় এই লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশে এই মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে শুক্রবারের পর থেকে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার আভাস দেওয়া হয়েছে। শনিবার দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে, পশ্চিমা বায়ুর প্রভাবে বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আর সর্বোচ্চ ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে। একই দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল লক্ষ্মীপুরের রামগতিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর—এই তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। নভেম্বরের আগ পর্যন্ত বৃষ্টিপাত হলেও ভ্যাপসা গরমের অনুভূতি থাকতে পারে। তবে সম্ভাব্য লঘুচাপ নিয়ে এখনই আতঙ্কিত না হয়ে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাস ও সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh