সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা হুতিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি প্রজেক্টাইল শনাক্ত করে আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। সৌদি গেজেটের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার আসিরের আহাদ রাফিদাহ গভর্নরেটের আকাশে হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সৌদি বাহিনী এবং সেটি ধ্বংস করে। এর ধ্বংসাবশেষ নিচে পড়লে একজন এশীয় প্রবাসী আহত হন। এছাড়া ধ্বংসাবশেষের আঘাতে একটি ভবনের ভেতরের নামাজের কক্ষ এবং বেশ কয়েকটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স জানিয়েছে।
সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি জানিয়েছেন, একই দিনে আসিরের খামিস মুশাইত লক্ষ্য করে হুতি মিলিশিয়ারা আরও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ধ্বংস করে। এছাড়া শুক্রবার হুতিদের ছোড়া আরেকটি শত্রু প্রজেক্টাইল নাজরানের একটি স্কুলে আঘাত হেনেছে। এতে স্কুলটির অবকাঠামোর ক্ষতি হয়েছে। দেশটির সিভিল ডিফেন্সের দলগুলো ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে।





