নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে বাবু ওরফে শহীদুল্লাহ (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত বাবু স্থানীয় চৌয়ালা এলাকার আবদুল কাদেরের ছেলে। সংঘর্ষের সময় বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সংঘর্ষের সময় বাবুর ভাই রুবেল (৩০) ও মিরাজ (২০) নামে আরও দুইজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার বিষয়ে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশিকুর রহমান জানান, দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। একজন নিহত এবং দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নরসিংদী জেলা পুলিশ তৎপর রয়েছে।





