চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় তাঁর পদে বহাল করার দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এই মিছিলটি বের করা হয়। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের এটি ১১তম দিনের কর্মসূচি ছিল।
মিছিলটি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশ শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, দীর্ঘ ১১ দিন ধরে তারা আন্দোলন চালিয়ে গেলেও এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। এই নীরবতার প্রতিবাদেই তারা আজকের বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন। তিনি আরও জানান, আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা পুরোপুরি বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে তারা অনড় থাকবেন। দ্রুত সময়ের মধ্যে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করেন তিনি।
একই বর্ষের আরেক শিক্ষার্থী অরিন্দম দে প্রশাসনের নীরব ও নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করে বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত এই অচলাবস্থার অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার সুযোগ করে দেওয়ার জন্য তিনি জোর দাবি জানান।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তারা প্রথম থেকেই আন্দোলন করে আসছেন। এর আগে মশাল মিছিল ও লাল কার্ড প্রদর্শনের মতো বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা, যার ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সকল একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।





