"আমার সারাটা দিন, মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম…"—শিল্পী শ্রীকান্ত আচার্যের এই বিখ্যাত গানের সুর যেন বর্ষার দিনে মনে এক অন্যরকম দোলা দেয়। বর্ষার দিনে প্রিয়জনের সঙ্গে সন্ধ্যার পর একটু বাইরে ঘুরতে যাওয়া অনেকের কাছেই দারুণ উপভোগ্য। তবে এই সময়ে বাইরে বের হতে পোশাকের ক্ষেত্রে বাড়তি সতর্কতা ও সময়োপযোগী ট্রেন্ড বেছে নেওয়া জরুরি।
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় মোটা বা ভারী পোশাক এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এ সময় সিনথেটিক জাতীয় কাপড় বেছে নেওয়া ভালো, কারণ এগুলো দ্রুত শুকায় এবং কাদা বা বৃষ্টির ফোঁটায় সহজে দাগ পড়ে না। অন্যদিকে, সাদা বা কালো রঙের পোশাকে কাদার দাগ খুব বেশি স্পষ্ট হয়ে ওঠে, তাই এ দুটি রঙ এড়িয়ে চলাই শ্রেয়। বর্ষার প্রকৃতির সঙ্গে নীল রঙের এক অপূর্ব মেলবন্ধন রয়েছে। তাই নীল ছাড়াও সি গ্রিন, লেমন কিংবা সবুজ রঙের পোশাক এ সময় বেশ মানিয়ে যায়।
রাস্তার কাদা থেকে বাঁচতে খুব বেশি লম্বা পোশাক না পরে কিছুটা খাটো পোশাক পরা উচিত। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে এই সময়ে যে গুমোট গরম থাকে, তা থেকে স্বস্তি পেতে পাতলা সুতির পোশাক বেশ আরামদায়ক। আবার হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলেও যাতে অস্বস্তিতে পড়তে না হয়, সেজন্য ছাপা প্রিন্টের কাপড় বেছে নেওয়া যেতে পারে। বর্ষার ফ্যাশনে সাধারণত গাঢ় রঙ এবং নকশায় জংলি ফুল ও লতাপাতার মোটিফ বেশি দেখা যায়। অনেকে এই ঋতুতে জর্জেট শাড়ি পরতে ভালোবাসেন। এর সঙ্গে গোল বা বোট গলার হাফ হাতা কিংবা হাতা কাটা সুতি প্রিন্টের ব্লাউজ, অথবা শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে একরঙা ব্লাউজ দারুণ মানাবে।
বৃষ্টির দিনে সাজগোজের ক্ষেত্রে অবশ্যই পানিনিরোধক বা ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করতে হবে। উজ্জ্বল শাড়ির সঙ্গে চোখের সাজ আকর্ষণীয় করতে আইলাইনারের বদলে গাঢ় নীল বা সবুজ রঙের কাজল একটু বড় করে লেপে দেওয়া যেতে পারে। চোখের শ্যাডোর জন্য গোলাপি বা ছাই রঙ বেছে নিয়ে ওপরের অংশে হালকা এবং নিচের অংশে গাঢ় করে লাগাতে হবে। চুলে আলতো খোঁপা করে তাতে গোঁজা যেতে পারে কৃষ্ণচূড়া, রঙ্গন, দোলনচাঁপা কিংবা বেলি ফুলের মালা। সবশেষে কপালে শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে একটি টিপ পরলেই সাজে পূর্ণতা আসবে।
সবশেষে নজর দিতে হবে পোশাকের সুরক্ষায়। বর্ষাকালে ভেজা কাপড় সহজে শুকাতে চায় না এবং ড্রয়ারে রাখা পোশাকও স্যাঁতসেঁতে হয়ে নষ্ট হতে পারে। তাই ড্রয়ারের কাপড় মাঝে মাঝে বের করে খোলা বাতাসে রাখতে হবে এবং রোদ উঠলে রোদে মেলে দিতে হবে। বাইরে থেকে ফিরে এসে ভেজা বা স্যাঁতসেঁতে পোশাক সরাসরি ড্রয়ারে না রেখে ভালোমতো শুকিয়ে তারপর গুছিয়ে রাখা উচিত।





