ট্রেনে নিখোঁজ আসামের তরুণী: শেষ বার্তায় ছিল আতঙ্কের কথা

Published: October 9, 2026, 6:51 am

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ফেরার পথে নিখোঁজ হওয়া আসামের এক ২০ বছর বয়সী তরুণী নৃত্যশিল্পীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। শ্রীকাকুলাম জেলার মালয়াপুরম এলাকার বনাঞ্চলের রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত তরুণী আসামের কামরূপ জেলার বাসিন্দা এবং গুয়াহাটির বি বরুয়া কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে নাচের দলের সঙ্গে বিশাখাপত্তনমে গিয়েছিলেন তিনি। আগামী ১০ই অক্টোবর গুয়াহাটিতে ব্যাংকের নিয়োগ পরীক্ষা থাকায় তিনি দলের অন্যদের আগেই একা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। ট্রেনে ওঠার পর থেকেই তিনি পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। স্বজনদের অভিযোগ, ভ্রমণের সময় ট্রেনের বগিতে প্রচণ্ড ভিড়ের কথা জানিয়ে তিনি মেসেজে লিখেছিলেন, ‘আমার চারপাশে অনেক পুরুষ মানুষ, খুব ভয় করছে।’ এরপর ৬ই অক্টোবর ভোরের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরিবারের পক্ষ থেকে রেলওয়ে পুলিশ ও হেল্পলাইনে অভিযোগ দায়েরের পর তল্লাশি শুরু হয়। তল্লাশির এক পর্যায়ে ট্রেনের ‘এস-টু’ বগি থেকে ওই তরুণীর ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পরই শ্রীকাকুলামের নির্জন রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, তরুণীটি চলন্ত ট্রেন থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে মারা গেছেন, নাকি এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা বা সহিংসতার বিষয় রয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর স্পষ্ট হবে। এছাড়াও ট্রেনে ওঠার আগে বিশাখাপত্তনম স্টেশনের সিসিটিভি ফুটেজে তার সঙ্গে দেখা যাওয়া এক অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin