চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) রাতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর রাত সাড়ে সাতটার দিকে মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল মনোহরপুর গ্রামে অভিযান চালায়। সেখান থেকে ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। একই রাতে আনুমানিক পৌনে বারোটার দিকে মনোহরপুর বিওপির আরেকটি টহল দল ওই একই গ্রামে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে। এ সময় ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪৭ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যগুলো পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ এবং মাদকসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।





