মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় চলমান একটি ফুটবল টুর্নামেন্ট হঠাৎ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজ। টুর্নামেন্টটি পুনরায় চালুর দাবিতে শুক্রবার সকাল ১১টায় গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণ ও খেলোয়াড়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া টুর্নামেন্টটি পুনরায় চালুর লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গত ১২ সেপ্টেম্বর থেকে ‘গুয়াগাছিয়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। টুর্নামেন্টে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মোট ১৬টি দল অংশ নেয় এবং সফলভাবে প্রথম রাউন্ডের খেলা সম্পন্ন হয়। তবে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন টুর্নামেন্টের সব কার্যক্রম বন্ধ করে দেয়। প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ফুটবলার নিলয় বলেন, আমি নিজে একটি দলের হয়ে খেলছি। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। কোনো ভিত্তিহীন বিশৃঙ্খলার অজুহাত দেখিয়ে খেলা বন্ধ করে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
স্থানীয় বাসিন্দা তাইজুল ইসলাম জানান, টুর্নামেন্টে মোট ২৭৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্রীড়াপ্রেমী মানুষের মন ভেঙে গেছে। তিনি স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে টুর্নামেন্টের কার্যক্রম পুনরায় চালু করার দ্রুত ব্যবস্থা গ্রহণের বিনীত অনুরোধ জানিয়েছেন।





