রিয়াদ বিমানবন্দরে দুই দফা হামলা, নিহত ৩ সৌদি নাগরিক

Published: October 9, 2026, 8:31 am

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় তিন সৌদি নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া বিভিন্ন দেশের নাগরিকসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) শুক্রবার একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রথম হামলাটি চালানো হয় বিমানবন্দরের স্থাপনা লক্ষ্য করে এবং দ্বিতীয় হামলাটি করা হয় সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজকে উদ্দেশ্য করে। হামলায় বিমানবন্দরের কিছু স্থাপনা ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

জিএসিএ জানিয়েছে, হামলার পরপরই জরুরি উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিবৃতিতে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব বা হামলার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

সৌদি আরবের মূল প্রতিবেদনে এই হামলার জন্য ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের দায়ী করা হলেও উদ্ধৃত বিবৃতিতে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin